মিস ইউনিভার্সে মালিকানা দ্বন্দ্ব: বাদ পড়ার শঙ্কায় ৬ দেশের প্রতিযোগী
- আপডেট সময় : ১২:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণ নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে। মূল আয়োজক সংস্থা এই ছয় দেশের প্রতিযোগীদের অযোগ্য ঘোষণা করলেও আঞ্চলিক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। ফলে প্রতিযোগীদের ভাগ্য এখন এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে।
আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর। এই ব্র্যান্ডের মূল মালিক জেকএন ইউনিভার্স এলএলসি (JKN Universe LLC) গত ১৮ সেপ্টেম্বর ঘোষণা দেয় যে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা এবার অংশ নিতে পারবেন না। তাদের দাবি, থাই ব্যবসায়ী নাওয়াত ইটসারাগরিসিল পরিচালিত 'মিস ইউনিভার্স ইস্টার্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি'র (এমইউ ইস্ট) এই ব্র্যান্ডের অধিকার অন্য কারো কাছে হস্তান্তরের কোনো আইনি বৈধতা নেই। জেকএন ইউনিভার্সের সঙ্গে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এই ছয়টি দেশ ফ্র্যাঞ্চাইজ চুক্তি করেছে, যা শুরু থেকেই অবৈধ ও বাতিল বলে গণ্য হবে।
অন্যদিকে, পূর্বাঞ্চলীয় অঞ্চলের দায়িত্বে থাকা এমইউ ইস্ট এই ঘোষণা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, জেকএন-এর এই একতরফা বিবৃতি তারা পর্যালোচনা বা অনুমোদন করেনি এবং এটি মিস ইউনিভার্সের দুই মালিকের সম্মত অবস্থানের প্রতিনিধিত্ব করে না। এমইউ ইস্টের দাবি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে যথাযথভাবে নির্বাচিত প্রতিযোগীদের মূল প্রতিযোগিতায় পাঠানোর আইনগত অধিকার তাদের রয়েছে। দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রতিযোগীদের অংশগ্রহণ আটকে রাখা, বিলম্বিত করা বা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।
গত ৩১ জুলাই এমইউ ইস্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান নাওয়াত ইটসারাগরিসিল, যিনি ৯৫টি দেশের প্রতিনিধিদের দায়িত্বে রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি এই ছয় প্রতিযোগীর প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, জেকএন ইউনিভার্সের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিযোগীরা পুয়ের্তো রিকোয় যাবেন, তবে তিনি নিজে সেখানে যাবেন না। বর্তমানে এই ছয় দেশের মধ্যে কেবল থাইল্যান্ড গত আগস্টে তাদের প্রতিনিধি হিসেবে 'থারিনা বোটস'-কে মিস ইউনিভার্স থাইল্যান্ড হিসেবে নির্বাচিত করেছে। মালয়েশিয়া ও ভিয়েতনাম আগামী মাসে তাদের প্রতিনিধি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, গত বছর ব্যাংককে অনুষ্ঠিত প্রতিযোগিতার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। মূল প্রতিযোগিতার আগের একটি অনুষ্ঠানে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশকে প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে প্রকাশ্যে তিরস্কার করেন ইটসারাগরিসিল। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তিনি ফাতিমাকে 'বোকা মাথা' বলে অভিহিত করেন এবং নিরাপত্তাকর্মীদের দিয়ে তাকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার প্রতিবাদে ডেনমার্কের তৎকালীন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগসহ বেশ কয়েকজন প্রতিযোগী বশের সমর্থনে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট রাউল রোচা এই আচরণের তীব্র নিন্দা জানান এবং ২০২৫ সালের প্রতিযোগিতায় ইটসারাগরিসিলের সম্পৃক্ততা 'সীমিত' করার ঘোষণা দেন। এরপর ইটসারাগরিসিল থাই ভাষায় দুঃখ প্রকাশ করে বলেন, "আমার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা অস্বস্তি বোধ করেন, তবে আমি সবার কাছে ক্ষমা চাইছি। কক্ষে থাকা প্রায় ৭৫ জন প্রতিযোগীর কাছে আমি ইতিমধ্যে ব্যক্তিগতভাবে কথা বলে ক্ষমা চেয়েছি।"



























