রংপুরে হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইনে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও রক্ত পরীক্ষা
- আপডেট সময় : ০২:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রংপুরের ফতেপুর ভুরারঘাট নয়াপাড়া কমিউনিটিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অপরাজেয় তারুণ্য রংপুর শাখার উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার গানের দল স্বাস্থ্য সচেতনতামূলক গান পরিবেশন করে। এরপর আলোচনা পর্বে ডা. মাসুমা ফারুক বাল্যবিবাহ, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি এবং এগুলো প্রতিরোধের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া আরএইচস্টেপ রংপুর মেডিকেল শাখার ইউনিট ম্যানেজার মো. মিজানুর রহমান প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ক্যাম্পেইনটির সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায়, যিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। এ সময় প্যারামেডিক রাণী বেগম ও ল্যাব টেকনোলজিস্ট মুন্নি চৌহান উপস্থিত থেকে সেবা কার্যক্রমে সহযোগিতা করেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে দুটি আলাদা বুথ পরিচালনা করা হয়। একটি বুথের মাধ্যমে কমিউনিটির মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও কাউন্সেলিং সেবা দেওয়া হয়। অন্য বুথে রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া শিশু-কিশোরদের জন্য অ্যানিমেশন ও শর্ট ফিল্ম প্রদর্শনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।



























