লালমোহনে শুদ্ধ বানান ও উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি শাহবাজপুর কলেজের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। কলেজটির আয়োজনে এবং ছায়ানীড়ের পরিচালনায় আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। বাংলা ভাষার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান ও শুদ্ধ উচ্চারণ আয়ত্ত করা অপরিহার্য। তিনি বলেন, রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না; যদি তা সম্ভব হতো তবে রাজার ছেলেই সবচেয়ে বেশি বিদ্বান হতো। তাই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হওয়ার জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই। অনেক শিক্ষিত মানুষ বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বানান ও উচ্চারণে ভুল করেন, তাই ভাষার প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি নিয়মিত চর্চা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের শুদ্ধ ভাষা ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং সঠিক বানান লেখার বিষয়ে সচেতন করা বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালার অংশ হিসেবে শুদ্ধ উচ্চারণের ওপর পাঁচ মিনিটের একটি ২১ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এতে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক গোবিন্দ রায়, ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহে আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মুসা এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. জাবের হুসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


























