ফরিদপুরে অসচ্ছলদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ফরিদপুরে অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী, পুরুষ ও শিশুরা স্বাস্থ্যসেবা নিতে উপস্থিত হন।
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট ছয়টি বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিভাগগুলো হলো—শিশু রোগ, চক্ষু, ইউরোলজি, গাইনি ও প্রসূতি, ডায়াবেটিস এবং মেডিসিন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম এবং আলম'স কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা। আফজাল হোসেন খান পলাশ তার বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফের পরিবারের দীর্ঘ দেড়শ বছরের মানবসেবার ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি জানান, ফরিদপুর সদর হাসপাতালকে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে হাসপাতালের শয্যা সংখ্যা ১০০ থেকে ২৫০-এ উন্নীত করা এবং ১৫ তলা ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।
ডা. মোস্তাফিজুর রহমান শামীম স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে রোগীরা যেমন পরামর্শ পাচ্ছেন, তেমনি স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার সুযোগও তৈরি হচ্ছে। সুস্মিতা কথা বলেন, ব্যক্তি ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানো সম্ভব।
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের পরিচালনায় অনুষ্ঠানে মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্বাস্থ্যসেবা প্রত্যাশী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ক্যাম্পটি বাস্তবায়নে জেলা ছাত্রদলের ফজলুল হামিদ তামিম, এস এম কৌশিক আহমেদ অনিক এবং আলম'স কেয়ার গিভারের সুস্মিতা কথা ও রাকিবুল ইসলাম সার্বিক সহযোগিতা প্রদান করেন।





























