হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক সহায়তা চেয়েছেন সৌদি যুবরাজ
- আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র শুক্রবার রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের অন্তত দু’বার ফোনালাপ হয়েছে। তবে হুতিদের ওপর সরাসরি সামরিক হামলা চালানোর বিষয়ে ট্রাম্প কোনো সম্মতি দেননি। এর পরিবর্তে ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য বিনিময় এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে তারা দুই নেতার মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে ওয়াশিংটনের ধারাবাহিক যোগাযোগ রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্র লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার মতো জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাধানে অংশীদারদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা বাড়ানো হচ্ছে।
এদিকে, ফোনালাপ ও আলোচনার বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিসের কাছে মন্তব্যের অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। তবে সূত্রগুলোর দু’জন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন এবং সেখানে তিনি সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।





























