শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
- আপডেট সময় : ০২:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। চিফ হুইপ বলেন, সরকার এসব অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থ রক্ষার পর তবেই বন্ধুত্ব বজায় রাখা হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে বন্ধু দেশের জাহাজ আগে খালাস হতো। শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন, যেখান থেকে সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে।
তারেক রহমানের ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে চিফ হুইপ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, দেশকে স্বাবলম্বী করতে এবং সামনে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।





























