শান্তিগঞ্জে অবৈধ রিং জালবিরোধী অভিযানে চারজনকে জরিমানা
- আপডেট সময় : ১০:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে ৪৯টি অবৈধ রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।
আইন অমান্য করার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত রিং জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ এবং দেশীয় ছোট মাছের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























