অধিকার সচেতন হলে সাংবাদিকতার পেশাদারিত্ব শক্তিশালী হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
- আপডেট সময় : ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পেশাগত মান ও মর্যাদা বজায় রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল একটি পেশা। সংবাদকর্মীরা যদি নিজেদের অধিকার বিষয়ে সচেতন থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তবে এই পেশার স্বাধীনতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনাকালে প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন। রাজশাহী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বিচারপতি আব্দুল হাকিম তাঁর বক্তব্যে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান আইন ও বিধি-বিধানের যথাযথ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি জানান, সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে এবং এই সংক্রান্ত আইন ও বিধিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, সংবাদকর্মীদের নিয়োগপত্র ও পরিচয়পত্রসহ আইনসম্মত সব পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠনকেও সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে নিজেদের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। তরুণ সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান বাড়াতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান বিচারপতি আব্দুল হাকিম।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রেস কাউন্সিল চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। এছাড়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর সম্পদ ব্যক্তি (রিসোর্স পারসন) হিসেবে প্রশিক্ষণের একটি সেশন পরিচালনা করেন।
রাজশাহী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে সাংবাদিকদের পেশাগত অধিকার, দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা, সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিতকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা।


























