সাইফুর রহমানের মৃত্যু: দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
- আপডেট সময় : ০২:০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে—তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, এম সাইফুর রহমানের মতো একজন খ্যাতিমান অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকাটা স্বাভাবিক। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু রহস্য উদঘাটন করা প্রয়োজন। তিনি আরও বলেন, সাইফুর রহমান তার নানা অবদানের কারণে জাতির সম্পদে পরিণত হয়েছিলেন এবং দেশে-বিদেশে তার অর্জন স্বীকৃত। তার পরবর্তী সময়ে আর কোনো অর্থমন্ত্রী তার অবস্থান ও সাফল্যের উচ্চতা স্পর্শ করতে পারেননি বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় দক্ষতার কারণে আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত ছিলেন। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার যে চ্যাম্পিয়ন ছিল, তার পেছনে সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতির বড় অবদান রয়েছে। তিনি দাবি করেন, সাইফুর রহমানের কৃষি অর্থনীতিভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ফলেই দেশে কার্তিক মাসের অভাব দূর হয়েছিল।
রিজভী আরও জানান, একসময় অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছিল যে কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, কিন্তু অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি, তা গড়ে তোলার ক্ষেত্রে সাইফুর রহমানের একক অবদান রয়েছে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার ধারণাও তিনিই প্রথম চালু করেছিলেন বলে তিনি দাবি করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



























