চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ, ১৮৬ আরোহী নিরাপদ
- আপডেট সময় : ১০:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

কুয়ালালামপুর থেকে জেদ্দাগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার বিকেলে এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের এমএইচ১৫৬ ফ্লাইটটি এই পরিস্থিতির মুখোমুখি হয়। বিমানটির নিবন্ধন নম্বর ছিল ৯এম-এমটিওয়াই।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটিতে মোট ১৮৬ জন যাত্রী ও ক্রু অবস্থান করছিলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে বিমানটির ২ নম্বর ইঞ্জিনে ত্রুটি শনাক্ত হওয়ার পর চেন্নাই বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফ্লাইটটির চেন্নাইয়ে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল ৪টা ৪০ মিনিট, তবে বিমানটি ৪টা ৪৪ মিনিটে নিরাপদে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের ৪৫ নম্বর বে-তে বিমানটির জন্য জরুরি উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল।
চেন্নাই বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২ নম্বর ইঞ্জিন বিকল হওয়ার পর ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে চেন্নাইয়ে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্যমতে, অবতরণটি নির্বিঘ্ন হয়েছে এবং বিমানের সব যাত্রী বর্তমানে নিরাপদে আছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বিমানটির অবস্থা এবং কারিগরি ত্রুটির বিষয়টি মালয়েশিয়া এয়ারলাইন্স ও তাদের সংশ্লিষ্ট কারিগরি দল পরীক্ষা করে দেখছে। ইঞ্জিনের ত্রুটির প্রকৃতি এবং যাত্রীদের পরবর্তী গন্তব্যে পাঠানোর বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।





























