কালিহাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করল টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন
- আপডেট সময় : ০২:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন (০৮ এবিএন)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ব্যাটালিয়ন সদরের প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
টাঙ্গাইল আনসার ব্যাটালিয়নের পরিচালক মুনমুন সুলতানার দিকনির্দেশনায় এই জনকল্যাণমুখী ও সেবামূলক কার্যক্রমটি পরিচালিত হয়। সকাল থেকেই ক্যাম্পে আসা সাধারণ মানুষকে বিনামূল্যে ওজন ও রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। এই চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতি শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম নিয়মিত চালু রাখা হবে। এই উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষার এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছে, যা প্রান্তিক মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই মানবিক কাজ করছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। উল্লেখ্য, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনায় আনসার ব্যাটালিয়ন গঠিত হয়েছিল। সময়ের পরিক্রমায় বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাহিনীটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নানা জনকল্যাণমূলক কাজেও নিজেদের যুক্ত করেছে। বর্তমানে দেশজুড়ে ২টি মহিলা ব্যাটালিয়ন এবং ১টি বিশেষায়িত ব্যাটালিয়নসহ মোট ৪৭টি আনসার ব্যাটালিয়ন অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।





























