ভোলায় লুট হওয়া পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাহিদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের সময় তার বসতঘর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। এসআই রাকিব আরও জানান, পিস্তলটির নম্বর যাচাইয়ের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এর মাধ্যমে অস্ত্রটি কোন টিম থেকে লুট হয়েছিল, তা নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।




























