পিরোজপুরে কোনো উন্নয়ন কাজ বন্ধ থাকবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১১:৩১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পিরোজপুরে বন্ধ থাকা সব উন্নয়নমূলক কাজ আইনি প্রক্রিয়া মেনে আবারও দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন। তিনি মন্তব্য করেছেন, বিগত ২০ বছর ধরে পিরোজপুরের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন এবং ফ্যাসিবাদী জনপ্রতিনিধিরা কোনো কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
গত মঙ্গলবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক প্রধানমন্ত্রী তিন মাস আগেই তাদের সঙ্গে বসেছিলেন। ইতিমধ্যেই পিরোজপুরের বেশ কিছু কাজের এস্টিমেট সম্পন্ন হয়েছে এবং সেগুলোর টেন্ডার দেওয়া হবে।
আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, "আমরা পিরোজপুরের উন্নয়নের ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। যেসব কাজ বন্ধ ছিল এবং যেসব কাজ সামান্য হয়েছে, সেসব বিষয়ে আইনগত মতামত নিয়ে পুনরায় কাজ শুরু করা হবে। কোনো কাজই বন্ধ থাকবে না।"
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এক শপথ পাঠ করান। এই শপথে কাউখালী উপজেলা তথা পিরোজপুর জেলায় কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত না হওয়া, জেলাকে মাদকমুক্ত করা, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং সব ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দলের সুনাম বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করা হয়।
সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা কাউখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কাউখালী উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন 'অগ্রসর'-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি র্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিমন্ত্রী পিরোজপুরের স্বরূপকাঠির উদ্দেশে রওনা হন।



























