আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৮
রাজধানীর আদাবরে পৃথক অভিযান চালিয়ে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো. নিহাদ (২০), মো. শেখ বাচ্চু (৩৫), মো. ফরিদুল ইসলাম (১৯) ও মো. তামিম (১৯)। এদের মধ্যে মিরাজুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এই অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
আরেকটি পৃথক অভিযানে সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছন থেকে হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’ (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। হৃদয়ের বিরুদ্ধে ১০টি মামলার এজাহারে নাম রয়েছে এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রটি আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করত। এছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম ও এসআই তরুণের নেতৃত্বে এই অভিযান দুটি পরিচালনা করা হয়।





























