স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
- আপডেট সময় : ১১:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুরো বাংলাদেশ জুড়ে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হতে পারেন। তবে দলের পক্ষ থেকে সমন্বয় করে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এসময় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের করার কথা রয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর ও জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।




























