বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করলেন র্যাপার বাদশাহ ও ইশা রিখি
- আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

জনপ্রিয় র্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি তাদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিয়ের মাত্র ৫ মাসের মাথায় সোমবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে তারা বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। এই ঘোষণার মধ্য দিয়ে গত এক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটল।
বিবৃতিতে বাদশাহ ও ইশা রিখি জানিয়েছেন, পারস্পরিক সিদ্ধান্ত ও সম্মানের ভিত্তিতেই তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। তারা বিবৃতিতে উল্লেখ করেন, 'আমি ও ইশা রিখি পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হয়ে নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।' দম্পতিটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এবং জানিয়েছেন যে এটিই এ বিষয়ে তাদের একমাত্র বক্তব্য। তারা সম্পর্ক নিয়ে আর কোনো অনুমান বা জল্পনা না করার জন্য অনুরোধ করেছেন।
চলতি বছরের মার্চ মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন এই দম্পতি। জুন মাসে ইনস্টাগ্রামের 'আস্ক মি এনিথিং' পর্বে ইশা রিখি বাদশাহর সঙ্গে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে জুলাই মাস থেকেই তাদের সম্পর্কের টানাপড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। জুলাইয়ে ইশা রিখি নিজের ও বাদশাহর ছবি ও ভিডিওর একটি সংকলন প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, 'প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই আশা।' এর সঙ্গে তিনি ভাঙা হৃদয় ও প্রার্থনারত হাতের ইমোজি ব্যবহার করেছিলেন। এছাড়া সম্প্রতি অভিনেত্রীর মা পুনম রিখিও কর্মফল বা 'কর্মা' নিয়ে ধারাবাহিক কিছু পোস্ট করেছিলেন।
এদিকে বাদশাহর এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে ২০২০ সালে তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাদের জেসেমি গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৭ সালের জানুয়ারিতে। ইশা রিখির বিচ্ছেদের এই খবর এমন সময়ে এলো, যখন গুঞ্জন রয়েছে যে তিনি সালমান খানের সঞ্চালনায় আসন্ন 'বিগ বস ২০'-এর প্রতিযোগীদের একজন হতে পারেন।




























