অভিনয় জগত থেকে দূরে, নতুন জীবন খুঁজছেন চিত্রনায়িকা পপি
- আপডেট সময় : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র থেকে আড়ালে রয়েছেন। অভিনয় থেকে দূরে থাকা এই তারকা এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানিয়েছেন, জীবনের বাকি সময়টা তিনি শান্তি ও সৃষ্টিকর্তার স্মরণে কাটাতে চান। তার এই মন্তব্যে অভিনয়ের জগতে ফেরার অনাগ্রহের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। পপি বলেন, আমি সুন্দরভাবে বাঁচতে চাই এবং আল্লাহর নাম নিতে চাই। তার এই বক্তব্যের মাধ্যমে চলচ্চিত্রের ঝলমলে জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে।
নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে অভিনেত্রী আরও বলেন, 'যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।' ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়েছিল পপির। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার পাশাপাশি প্রশংসিত বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই তারকা।




























