বগুড়ায় ড্রেন খননের সময় ৩৩৪টি গুলি উদ্ধার
- আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বগুড়া শহরের সাতমাথায় জেলা স্কুলের প্রাচীরের পাশে নির্মাণাধীন একটি ড্রেন থেকে ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন প্রকল্পের আওতায় শ্রমিকরা সেখানে খননকাজ চালাচ্ছিলেন। কাজের এক পর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ দিকে মাটির নিচে ধাতব বস্তুর উপস্থিতি টের পান এক শ্রমিক। পরে অন্য শ্রমিকদের সহায়তায় মাটি সরিয়ে বিপুল পরিমাণ গুলি দেখতে পান তারা। খবর পেয়ে বগুড়া সদর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলিগুলো উদ্ধার করে। গণনা শেষে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, উদ্ধার হওয়া গুলিগুলোর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের কি না, অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হওয়া কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে এবং এর সময়কাল ও উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।



























