পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে থেকে ২৬ আগস্টের মধ্যে এই গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়। এই সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র, গুলি, মাদক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলবার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি টিএসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান রয়েছে। এছাড়া ৪৩৮টি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ৪ হাজার ৭২২টি গুলি, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানেও বড় সাফল্য পেয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযানে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ এবং ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযানের বাইরেও অন্যান্য মামলা ও অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


























