সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আরও এক শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. ইদ্রিস আলী (৫০) নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর এখন পর্যন্ত মোট ১০ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রুবেল আফ্রাদ জানান, ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মো. ইদ্রিস আলীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৪ আগস্ট ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের বদ্ধ ট্যাঙ্কে কাটাকাটির কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কবলে পড়েন শ্রমিকরা। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ৯ জন শ্রমিকের মৃত্যু হলেও ইদ্রিস আলীর মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছাল। দুর্ঘটনার পর থেকে ইয়ার্ডটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতি এবং জমে থাকার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এছাড়া শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও তদন্তের দাবি উঠেছে। জাহাজভাঙা শিল্পে কর্মপরিবেশ ও নিরাপত্তার অভাব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বদ্ধ ট্যাঙ্কে প্রবেশের আগে গ্যাস পরীক্ষা, বিষাক্ত গ্যাস অপসারণ প্রক্রিয়া ও পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ও জরুরি উদ্ধার সরঞ্জামের সরবরাহ নিয়েও প্রশ্ন উঠেছে। ইদ্রিস আলীর মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।





























