চুয়াডাঙ্গায় সাবেক জামায়াত নেত্রী জেবুন্নেছা খাতুনের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০১:৫০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর জামায়াতের মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও প্রবীণ রুকন জেবুন্নেছা খাতুন (৭০)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের মাছপট্টি সংলগ্ন গোলাম মওলা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর স্বামী সোনালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার প্রয়াত মো. ইয়াসিন আলী লস্করের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে, চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জেবুন্নেছা খাতুন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে অনুষ্ঠিত মরহুমার জানাজায় অংশ নেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। জানাজা শুরুর পূর্বে মরহুমার আদর্শিক ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাবেক আমির আনোয়ারুল হক মালিক এবং জেলা মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট মসলেম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম।
মরহুমার জানাজায় ইমামতি করেন তাঁর একমাত্র সন্তান প্রকৌশলী হাসান মোহাম্মদ ইউসুফ লস্কর, যিনি বর্তমানে ঢাকা রূপনগর থানা জামায়াতের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ আব্দুস শুকুর।
জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, সাবেক সভাপতি মুহসিন আলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট বদিউজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



























