হরিরামপুরে পুলিশ পরিচয়ে হয়রানি, কথিত সোর্স আটক ও এএসআই ক্লোজড
- আপডেট সময় : ০৪:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন কিশোর ও যুবককে তল্লাশি এবং হয়রানির অভিযোগে এক কথিত পুলিশ সোর্সকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত মো. আলমগীর হোসেনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে হরিরামপুর থানার এএসআই মো. সোহেল রানাকে ক্লোজড করা হয়েছে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাছুম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বলড়া মোড় এলাকায়। স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বলড়া ইউনিয়নের পিপুলিয়া ব্রিজ এলাকায় কয়েকজন কিশোর ও যুবকের শরীর তল্লাশি করেন। সেখানে কোনো কিছু না পেয়ে তারা উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুরের দিকে চলে যান। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আলমগীর নিজেকে হরিরামপুর থানায় কর্মরত এএসআই মো. সোহেল রানার সোর্স হিসেবে পরিচয় দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে আলমগীরকে স্থানীয়দের কাছে স্বীকার করতে দেখা যায় যে, দুপুর ২টার দিকে পিপুলিয়া ব্রিজ এলাকায় এএসআই সোহেল রানা, আলমগীর এবং একজন অটোরিকশাচালক মাদক উদ্ধারের উদ্দেশ্যে তল্লাশি চালিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তিরা সাধারণ মানুষকে হয়রানিমূলক তল্লাশি ও মারধর করেছেন।
ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানায় কিলো ডিউটিতে থাকা এসআই মোহাম্মদ মাসুদ মুন্সী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আলমগীর হোসেনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



























