ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল আমিন
- আপডেট সময় : ০৮:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত জুন মাসে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টে খেলার সময় মারামারির ঘটনায় এই কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদমান সাকিব জানান, ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই শাস্তির আওতায় ফিফা টায়ার-১ ম্যাচ, আন্তর্জাতিক ম্যাচ এবং জাতীয় দলের পরবর্তী ১৫টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। একই ঘটনায় আরেক ফুটবলার মিরাজুলকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
মালদ্বীপের ওই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর ফিফা প্রথম দফায় বাংলাদেশ দলের ম্যানেজার ও ফুটবলার মিরাজুলকে আর্থিক জরিমানা করেছিল। এবার আল আমিনের ওপর ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হলো, যা সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য সবচেয়ে বড় শাস্তির ঘটনা।
এর আগে ১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার দায়ে বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।





























