চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করল আবহাওয়া অধিদপ্তর
- আপডেট সময় : ১২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি ঝাড়খন্ড ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য থাকায় সেখানে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।





























