ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস
- আপডেট সময় : ০৯:০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কুমারশীল আইসিইউ হাসপাতালের পেছনের একটি ডোবা থেকে আটকে পড়া একটি গরুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকেলে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে কুমারশীল মোড় এলাকায় হাসপাতালের পেছনে দুটি গরু ঘাস খাওয়ার সময় একটি গরুটি পাশের ডোবায় পড়ে আটকে যায়। প্রথমে স্থানীয় কয়েকজন বাসিন্দা গরুটিকে উদ্ধারের চেষ্টা করেন। এরপর নামাজ শেষে ফেরার পথে কয়েকজন মুসল্লি বিষয়টি দেখতে পান। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেও গরুটিকে উদ্ধার করা সম্ভব না হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা চৌহান রিক্তা জানান, তাঁর স্কুলপড়ুয়া ছেলে জানালা দিয়ে গরুটিকে ডোবায় আটকে থাকতে দেখে। তারা প্রথমে ভেবেছিলেন গরুটি নিজেই উঠে আসতে পারবে, কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও সফল না হওয়ায় ছেলেটি চিৎকার করে স্থানীয় মুসল্লিদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা জড়ো হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং গরুটিকে ডোবা থেকে নিরাপদে উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে। তবে তাৎক্ষণিকভাবে গরুর মালিককে খুঁজে না পাওয়ায় উদ্ধারকৃত গরুটিকে স্থানীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।





























