কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জেনে নিন পুরো সূচি
- আপডেট সময় : ০৪:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর কিশোরগঞ্জ জেলায় এটিই তাঁর প্রথম সফর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। দিনব্যাপী এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, এবারের কিশোরগঞ্জ সফর থেকেই প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। একই সঙ্গে সেখানে পোনা বিতরণ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
দুপুর ১টায় প্রধানমন্ত্রী আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর দুপুর আড়াইটায় তাঁর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে।
কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করবেন। দিনব্যাপী এই সফর শেষে রোববার বিকেলেই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে তাঁর অতিরিক্ত প্রেস সচিব নিশ্চিত করেছেন।




























