ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বিআইডিএস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

একাডেমিক উৎকর্ষ অর্জন এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, নীতি সংলাপ, দক্ষতা উন্নয়ন, যৌথ সেমিনার এবং শিক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানের একটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো। এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠানের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান চর্চা এবং নীতি-নির্ধারণী গবেষণায় অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ইফতেখারুল হক এবং বিআইডিএস-এর পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব জনাব সুভাষ চন্দ্র সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উচ্চপর্যায়ের শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দেক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী (অব:) এবং অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। বিআইডিএস-এর পক্ষ থেকে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. এ. কে. এনামুল হকসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দ্বি-পাক্ষিক উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ও উন্নয়ন গবেষণা খাতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।




























