সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আশা করা হচ্ছে বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে কার্গো খালাস করা সম্ভব হচ্ছে না। এছাড়া এক্সিলারেট টার্মিনালটি বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে। এটিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে এক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে এবং জনদুর্ভোগ সর্বনিম্ন রাখার কৌশল নিয়ে কাজ করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
জনগণের চরম ভোগান্তির কথা স্বীকার করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার ওপর কারো হাত নেই। আমরা অসহায়, প্রকৃতির কাছে আত্মসমর্পণ করতে হয়। প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস ও সরবরাহ স্বাভাবিক হবে। মধ্যমেয়াদি সমাধানের অংশ হিসেবে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে এবং একটি টিম সেখানে কাজ করছে। সেখান থেকে অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার আশা করছে সরকার। এছাড়া ইউএস বাংলাদেশ চেম্বারের কাছেও এলএনজি সহায়তার আবেদন জানানো হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি ঠিক হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো তাৎক্ষণিক সমাধানের পথ বেছে নেওয়ায় দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রাণান্তকর চেষ্টা করছে এবং এ প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই।























