এইচ৫ বার্ড ফ্লু মোকাবিলায় পাখিদের টিকাদানের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
- আপডেট সময় : ০১:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় অত্যন্ত সংক্রামক এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পাখিদের টিকাদানের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র মহাদেশীয় ভূখণ্ড হিসেবে এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ছিল, তবে গত জুন মাসে প্রথম একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। গত সপ্তাহে সরকার বন্যপ্রাণীর মধ্যে বড় ধরনের পাখি মৃত্যুর প্রথম ঘটনা নিশ্চিত করেছে।
পরিস্থিতি মোকাবিলায় বন্য ও বন্দি উভয় ধরনের পাখির জন্য লক্ষ্যভিত্তিক টিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশমন্ত্রী মারে ওয়াট জানিয়েছেন, বন্য পাখিকে টিকা দেওয়া বেশ চ্যালেঞ্জিং কারণ এর জন্য দুটি ডোজ প্রয়োজন। তিনি বলেন, বন্য পাখিকে দুবার ধরা কঠিন, তবে যেখানে সম্ভব সেখানে টিকা দেওয়া হবে। তবে তাদের প্রধান অগ্রাধিকার থাকবে বন্দি অবস্থায় থাকা পাখিগুলো।
কৃষিমন্ত্রী জুলি কলিন্স সতর্ক করে বলেছেন যে, ভাইরাসটি সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ব্যাপক পাখি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমানে জলচর, তীরবর্তী, সামুদ্রিক এবং শিকারি পাখিগুলো এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। সোমবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় ২৩১টি নিশ্চিত বা সম্ভাব্য সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, দেশটির হাঁস-মুরগির খামার বা কৃষি উৎপাদন ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বন্য পাখির প্রজাতি এবং ৮৩ শতাংশ স্তন্যপায়ী প্রাণী বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না।


























