ঢাকায় ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পুলিশ বাদী হয়ে ৬৪টি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, জালনোট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৫ জন, উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গুলশান বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ ৬ জনকে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা এবং ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সামগ্রীর মধ্যে একটি ওয়ান শাটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট জব্দ করা হয়েছে।


























