বসুন্ধরায় স্বপ্নের ৯৭৫তম আউটলেটের যাত্রা শুরু
- আপডেট সময় : ০১:৫৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজেদের দ্বিতীয় নতুন আউটলেট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ৩০ জুলাই ২০২৬ তারিখে ব্লক-এফের প্লট-৬৩৩/এ, রোড-১৯, সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউতে (বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশে) ১০,২০০ বর্গফুটের এই বৃহৎ প্রিমিয়াম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশজুড়ে স্বপ্নের ৯৭৫তম আউটলেট। এই নতুন শাখাটি চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের নিত্যপণ্য কেনাকাটা আরও আধুনিক ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “অনেকদিন ধরেই বসুন্ধরার এফ, এল, এম ব্লকসহ আশপাশের বাসিন্দারা এখানে একটি স্টোর খোলার দাবি জানাচ্ছিলেন। মূলত স্থানীয় গ্রাহকদের প্রয়োজন ও সুবিধার কথা চিন্তা করেই এই আউটলেটটি চালু করা হয়েছে। গ্রাহকদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস। টানা দশ বছর সেরা রিটেইল ব্র্যান্ড হওয়ার পাশাপাশি দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে ‘স্বপ্ন’ এখন ষষ্ঠ স্থানে রয়েছে, যা গ্রাহকদের গভীর আস্থারই বহিঃপ্রকাশ।”
নতুন এই আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার ও গৃহস্থালির প্রয়োজনীয় সব মানসম্মত পণ্য কিনতে পারবেন। দেশের শীর্ষ রিটেইল চেইন হিসেবে ‘স্বপ্ন’ দেশজুড়ে আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে নিয়মিত নতুন নতুন এলাকায় তাদের সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে।





























