বগুড়া উন্নয়নে নতুন কর্তৃপক্ষের খসড়া আইনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

- আপডেট সময় : ০৯:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

বগুড়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিকল্পিত ও আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই আইনের মূল লক্ষ্য হলো ওই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করা। এছাড়া অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ সাধন এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করাও এই আইনের অন্যতম উদ্দেশ্য।
প্রস্তাবিত আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও এর সংলগ্ন এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা হবে। এই কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
কর্তৃপক্ষটি মহাপরিকল্পনা থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত একটি কাঠামোগত পরিকল্পনা প্রণয়ন করবে, যা গণশুনানি ও প্রাক-প্রকাশের মতো বিধিবদ্ধ প্রক্রিয়ায় সম্পন্ন হবে। এই কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না।
আইনে অননুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটের মতো কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি ধার্য, ঋণগ্রহণ এবং নিরীক্ষার সুযোগ রাখা হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির খসড়া চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
























