অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

- আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে এবং এর তফসিল চলতি জুলাই বা আগস্ট মাসের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (২২ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে কোনো জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর আইনি মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, প্রথম ধাপের নির্বাচনে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সুবিধাজনক স্থানে প্রয়োজনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা হতে পারে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য আপাতত পোস্টাল ব্যালটের সুবিধা থাকছে না বলে জানান এই নির্বাচন কমিশনার। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আদালতের নির্দেশনা এবং পার্শ্ববর্তী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব।
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকেই সিদ্ধান্ত গ্রহণের অস্পষ্টতা দূর করতে কিছু পর্যবেক্ষণসহ সংশোধনের প্রস্তাব পাঠানো হচ্ছে বলে জানান ইসি আনোয়ারুল। সংশোধিত আইন কার্যকর হলে সে অনুযায়ী, অন্যথায় বিদ্যমান আইনেই যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ করে এনেছে এবং এটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
























