ফিফার দুর্নীতিতে ঘুষ দেওয়ার কথা স্বীকার আর্জেন্টাইন নির্বাহীদের
- আপডেট সময় : ১২:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে নিজেদের জড়িত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী হুগো জিনকিস এবং তার ছেলে মারিয়ানো জিনকিস। আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের লাভজনক সম্প্রচার ও বাজারজাতকরণ স্বত্ব বাগিয়ে নিতে ফুটবল কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ প্রদানের অভিযোগ তারা মেনে নিয়েছেন।
আইনি বিচার এড়াতে মার্কিন কৌঁসুলিদের সঙ্গে একটি স্থগিত অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) আওতায় তারা এই স্বীকারোক্তি দিয়েছেন। সমঝোতার শর্ত অনুযায়ী, বাবা-ছেলে ৫ কোটি মার্কিন ডলার জরিমানা বা বাজেয়াপ্ত হিসেবে প্রদান করতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে আনা জালিয়াতির সব অভিযোগ তুলে নেওয়া হবে।
আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান 'ফুল প্লে'-এর সহ-মালিক এই দুই নির্বাহী বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকার মিডিয়া স্বত্ব পেতে বিপুল পরিমাণ ঘুষ দিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কর্মকর্তাদের ওপর মার্কিন প্রশাসনের চালানো অভিযানের পর থেকেই এই তদন্ত ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া চলমান ছিল।




























