ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে বাফুফে
- আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও তা বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ ঢাকা আবাহনীর মধ্যকার এই এক ম্যাচের টুর্নামেন্টটি ফিফার নিষেধাজ্ঞার কারণে আয়োজন করা সম্ভব হয়নি। যদিও ঢাকা আবাহনী বর্তমানে ফিফার নিষেধাজ্ঞামুক্ত, তবে বসুন্ধরা কিংস এখনো সেই তালিকায় রয়েছে। বাফুফে ক্লাব লাইসেন্সিংয়ের মেয়াদ কয়েক দফায় বাড়ালেও কিংস এখনো খেলোয়াড় নিবন্ধনের কাজ শুরু করতে পারেনি।
বাফুফের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ আগস্ট ফেডারেশন কাপ এবং ২৮ আগস্ট লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনো দল চূড়ান্ত না হওয়া এবং টুর্নামেন্টের ড্র সম্পন্ন না হওয়ায় এই সূচি অনুযায়ী খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমতাবস্থায় ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম কবে শুরু হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
মৌসুম শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার পক্ষে বেশ কিছু ক্লাব অবস্থান নিয়েছে। বিপরীতে, কিছু ক্লাব ইতিমধ্যে তাদের ক্যাম্প শুরু করে দ্রুত মৌসুম শুরুর দাবি জানিয়েছে। বাফুফে এখন এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।



























