দ্বিতীয় টেস্টের দলে রদবদল, অস্ট্রেলিয়া দলে ফিরলেন ম্যাট রেনশ
- আপডেট সময় : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের পর নিজেদের স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
দলে এই পরিবর্তনের মূল কারণ ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের অফ-ফর্ম। প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি যথাক্রমে ২৩ ও শূন্য রান করেন। সিরিজ হার এড়ানোর লক্ষ্যে নির্বাচকরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে অভিষেক হওয়া এই বাঁ-হাতি ব্যাটার পাঁচটি টেস্টের ১০ ইনিংসে একটি হাফ-সেঞ্চুরিসহ মোট ২০১ রান করেছিলেন।
ওয়েদারাল্ডের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। দীর্ঘ সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন তিনি। রেনশ সর্বশেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। ২০১৬ সালে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪ ম্যাচের ২৪ ইনিংসে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ মোট ৬৪৫ রান করেছেন তিনি। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৪ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।




























