দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী
- আপডেট সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বামপন্থীদের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দিল্লিতে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে পৌঁছানোর পরপরই ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্বকে আটক করা হয়। এছাড়া বামপন্থী ছাত্র নেত্রী নেহা বোরা এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও আটকের তালিকায় রয়েছেন।
বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে নামার পরপরই পুলিশ আটক করে। এর আগে সকালে ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করা হয়। এছাড়া সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।
বিক্ষোভের জন্য যন্তর মন্তর এলাকাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও দুপুরে বামপন্থী ছাত্র নেত্রী নেহা বোরা রাজধানীর কেন্দ্রস্থল থেকে দূরে দিল্লি হাট এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানান। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক লিদিয়া পলগ্রিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, দিল্লির রাস্তায় পুলিশি তাণ্ডব চলছে। তিনি উল্লেখ করেন, পুলিশ রাস্তায় যাকে পাচ্ছে, সেই তরুণ-তরুণীদের ধরে বাস ও পুলিশের ভ্যানে তুলে নিচ্ছে।
বিবিসি সংবাদদাতা প্রত্যুষ রায় দিল্লি থেকে জানিয়েছেন, মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকা সশস্ত্র পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার সমস্ত রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে এবং অনেক রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং স্লোগান দিলেই আটক করে বাসে তোলা হচ্ছে। যন্তর মন্তর থেকে চার কিলোমিটার দূরেও বহু গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া যন্তর মন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং মধ্য দিল্লির সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে।




























