সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী ভিলেজ ইলেকট্রিশিয়ানদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওসমানীনগর জোনাল কার্যালয়ের ভিলেজ ইলেকট্রিশিয়ান সভাপতি শিব্বির আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, প্রচার সম্পাদক মলিক মিয়া, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সেলিম মিয়া, ছাতক জোনাল শাখার সাধারণ সম্পাদক বিধান দেব, বালাগঞ্জ-ওসমানীনগর জোনাল শাখার সাধারণ সম্পাদক মাহমুদ আলী, সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক খছরু মিয়া এবং নবগঠিত বিভাগীয় কমিটির সদস্য তৈমুছ খাঁসসহ আরও অনেকে।
বক্তারা বিদ্যুৎ সংযোগ স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে তাঁরা বলেন, এসব কর্মীর পেশাগত স্বীকৃতি প্রদান, কাজের পরিবেশের উন্নয়ন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। সভায় তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ৫১ সদস্যের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শাহেদ মিয়াকে সভাপতি, রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং খছরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরে সংগঠনের উপদেষ্টা আইয়ুব আলী নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।





























