জনগণের আশা পূরণে সরকার ব্যর্থ: ডা. শফিকুর রহমান
- আপডেট সময় : ১২:৩৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ার করে বলেন, যদি আট দফা দাবি মেনে নেওয়া না হয়, তবে জনগণের দাবির মুখে তা এক দফায় রূপান্তর করা হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, আপনারা জাতির সঙ্গে বেইমানি করেছেন এবং বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে মানুষ চরম কষ্টে জীবনযাপন করছে বলেও তিনি উল্লেখ করেন।
১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, জনগণের যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে। এই লংমার্চের মূল দাবিসমূহের মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।





























