দেশে অন্ধকার দিন যেন আর না ফেরে, সজাগ থাকার আহ্বান রিজভীর
- আপডেট সময় : ০২:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

দেশে যেন আর কখনও ফ্যাসিবাদী অন্ধকার ও দুর্দিন ফিরে না আসে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি ছিল ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এক স্মরণসভা ও উপহারের বাড়ি হস্তান্তর অনুষ্ঠান। ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। তার পরিবারের কাছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই বাড়ির ছবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী মতের মানুষের ওপর রক্তের হোলি খেলেছে। সে সময় বিএনপির লাখো নেতা-কর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখন ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হওয়া হাজারো নেতা-কর্মীর পরিবার এখনও তাদের প্রিয়জনদের অপেক্ষায় দিন গুনছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে আসছে। দলটি যতবারই ক্ষমতায় এসেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করেছে। দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষকে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, পুলিশের গুলিতে নিহত হারুনদের স্বপ্ন ছিল একটি সুন্দর ভবিষ্যৎ। তারা মেট্রোরেল বা পদ্মাসেতুর মতো প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করেননি, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।





























