সম্প্রীতি নষ্টে অপশক্তির তৎপরতা চলছে: রুহুল কবীর রিজভী
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সব সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারী গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তবে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, এসব অপতৎপরতা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের সম্প্রীতির বন্ধন কোনোভাবেই নষ্ট করতে পারবে না।
মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘ সময় ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। একে অপরের ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণে অংশ নেওয়ার মধ্য দিয়ে এই সৌহার্দ্য আরও দৃঢ় হচ্ছে।
তিনি জানান, দেশের তিনটি ধর্মের জন্য তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব ট্রাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ হবে এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতেও ট্রাস্টগুলো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। রুহুল কবীর রিজভী আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা অনুযায়ী সবাই একই ছায়াতলে অবস্থান করছে। তিনি প্রত্যাশা করেন, গঠিত ট্রাস্টগুলো নিজ নিজ সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।




























