ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন
- আপডেট সময় : ১০:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বেগম সেলিমা রহমান। এছাড়া জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন।
অন্যান্য কমিটিগুলোর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সেলিম ভুইয়া শিক্ষা মন্ত্রণালয়ে, আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে এবং কলিম উদ্দিন আহমেদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে। এছাড়া আমান উল্লাহ আমান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, হুইপ জিকে গউছ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নাসের রহমান ভূমি মন্ত্রণালয় এবং রফিকুল ইসলাম জামাল ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।




























