জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান খেলাফত মজলিসের
- আপডেট সময় : ১২:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪০
জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চে যে জনজোয়ার সৃষ্টি হবে, তা উপেক্ষা করার কোনো সুযোগ সরকারের থাকবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দিন আহমদ এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে ১১ দলীয় ঐক্যের আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং শিল্প-কলকারখানা বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ইতোমধ্যে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে গণভোটের রায় উপেক্ষা করা সরকারের জন্য একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণ সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কারের পার্থক্য সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়ার কোনো চেষ্টা করা উচিত নয়। জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল মুসা ও মাওলানা ফয়সাল আহমদ। ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক ও মাওলানা আব্দুল কাদের সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকibুল ইসলাম এবং সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীসহ মহানগরীর নির্বাহী সদস্যবৃন্দ ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করতে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরদার করার আহ্বান জানানো হয়।





























