গুম প্রতিরোধ দিবসে স্পিকারকে স্মারকলিপি ১১ দলীয় জোটের
- আপডেট সময় : ০৪:২১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। গতকাল বিকালে সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশ শেষে জোটের নেতারা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইযোদ্ধা এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে আজ এই দিবস পালিত হচ্ছে। তিনি গুম প্রতিরোধের জন্য জারি করা অর্ডিন্যান্স বাতিলের সমালোচনা করে বলেন, যারা গুমের সঙ্গে জড়িত, তাদের হাতেই তদন্তের দায়িত্ব দিয়ে সরকার আবারও ষড়যন্ত্র করছে। বাতিল করা অর্ডিন্যান্সটি বহাল রাখার দাবি জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে জনগণ গুম ও খুনের আস্তানা বন্ধের ঘোষণা দিয়েছে। জুলাই সনদে গুম প্রতিরোধের রূপরেখা থাকলেও বর্তমান সরকার নোট অব ডিসেন্ট দিয়ে নামমাত্র কমিটি গঠনের মাধ্যমে আবারো ফ্যাসিবাদের মতো গুম-খুন করার অপচেষ্টা চালাচ্ছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান জানান, তারা স্পিকারের কাছে সমস্ত বিষয় তুলে ধরেছেন এবং স্পিকার তাদের সঙ্গে দ্বিমত পোষণ না করে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিয়েছেন।
সমাবেশে সংহতি প্রকাশ করেন সংসদ সদস্য রোকেয়া বেগম, ড. আতিক মুজাহিদ এবং ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মেজর (অব.) আখতারুজ্জামান, সাবেক কূটনীতিক সাকিব আলী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিল্লাল হোসাইন মিয়াজী, মোবারক হোসাইন, ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।





























