সরকারের ১৮০ দিন পূর্তিতে রাজধানীতে যুবদলের শুভেচ্ছা মিছিল
- আপডেট সময় : ১১:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।
সমাবেশে গোলাম মাওলা শাহীন বলেন, তারেক রহমান ১৮০ দিনের উন্নয়নের একটি রূপরেখা দিয়েছিলেন, যার অংশ হিসেবে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি ছিল। তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের অবহেলা করে আসলেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করেছে।
দেশের বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর বিশ্বজুড়ে সৃষ্ট যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক সংকটের কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। তেলের সরবরাহ ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তারপরও বাংলাদেশের জনগণ ধৈর্য ধরে তারেক রহমানের সরকারকে সময় দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সরকারকে আরও সময় দেবেন এবং অতি শিগগির বিদ্যুৎ ও গ্যাসের সংকট অনেকটা সমাধান হবে। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, দ্রুতই বর্তমান সমস্যাগুলোর বেশিরভাগই তারেক রহমান সমাধান করতে সক্ষম হবেন।





























