মাদ্রাসা বন্ধের পক্ষে তসলিমা নাসরিন, শেখ হাসিনাকে ফেরার আহ্বান
- আপডেট সময় : ০৬:৩৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি দাবি করেছেন যে, কোনো মাদ্রাসাই থাকা উচিত নয়, কারণ এগুলো শুধুমাত্র জিহাদি তৈরির কারখানা। তার মতে, সব মাদ্রাসাকে সেক্যুলার বা ধর্মনিরপেক্ষ স্কুলে পরিণত করা জরুরি।
কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল নিয়ে কথা বলেন। তসলিমা নাসরিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করাকে অগণতান্ত্রিক ও ভুল সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। তিনি শেখ হাসিনাকে তার দেশে ফিরতে দেওয়ার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষেও তিনি মত দেন।
এ সময় তিনি কট্টর ইসলামপন্থিদের তীব্র সমালোচনা করেন। দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় তাকে আমন্ত্রণ জানানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। তসলিমা জানান, পশ্চিমবঙ্গে অবস্থানকালে নবনির্বাচিত সরকার তার নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা দিয়েছে।
এর আগে শনিবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি জয় গোস্বামী একটি সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। ওই ঘটনায় তসলিমা নাসরিনের বক্তব্যে বিঘ্ন ঘটায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তার প্রত্যাবর্তন উপলক্ষে একটি সাংস্কৃতিক সংগঠন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।





























