ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, গ্রাহক তথ্য ফাঁসের শঙ্কা
- আপডেট সময় : ০৪:২৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) বড় ধরনের সাইবার হামলার কবলে পড়েছে। 'সিরিউসিম' নামের একটি হ্যাকার গোষ্ঠী ব্যাংকের গ্রাহকদের গোপন তথ্য নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এই হ্যাকিংয়ের ঘটনার সত্যতা আংশিকভাবে স্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
হ্যাকারদের দাবি অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের ব্যক্তিগত পরিচিতি, আবাসিক ঠিকানা, ঋণের আবেদনপত্র এবং অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। সাইবার নিরাপত্তা মনিটরিং সংস্থা 'সাইবারপালস৫৬' জানিয়েছে, প্রায় ৩ লাখ ৮০ হাজার গ্রাহকের তথ্য বিভিন্নভাবে বাইরে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়, কারণ একই ব্যক্তির একাধিক রেকর্ড থাকতে পারে।
গ্রাহক সংখ্যার দিক থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্যাংক। বর্তমানে ৫০ কোটির বেশি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত। ভারতের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই এসবিআইয়ের গ্রাহক। ব্যাংক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই ধরনের তথ্য ফাঁস হলে পরিচয় চুরি করে ভুয়া ঋণের আবেদনসহ বিভিন্ন ধরনের জালিয়াতি হওয়ার ঝুঁকি রয়েছে।
এসবিআই শুক্রবার (২৩ অক্টোবর) জানিয়েছে, যেসব গ্রাহক এই তথ্য চুরির শিকার হয়েছেন, তাদের ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সতর্ক করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে দাবি করেছে, গ্রাহকদের অ্যাকাউন্ট এবং তহবিল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। তবে ব্যাংকের সিস্টেমে সরাসরি কোনো অনুপ্রবেশ ঘটেছে কি না, তা নিয়ে এখনো কোনো স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে কিছুটা সময় লাগতে পারে। ভারতের ব্যাংক বিশেষজ্ঞদের মতে, এসবিআই ভারতের গ্রামীণ অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। বড় ধরনের এই সাইবার আক্রমণ বা এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়লে তা ভারতের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছিল।



























