মোহাম্মদপুরে ৭ মামলার আসামি গ্যাং নেতা ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কেন্তা ফিরোজ এলাকায় একজন কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ ও ২০১৯ সালে ফিরোজের বিরুদ্ধে দুটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে ২০২০ সালে তার বিরুদ্ধে মারামারি, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। এছাড়া ২০২৪ সালে হত্যা ও হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে দুটি এবং ২০২৫ সালে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করা হয়। এডিসি জুয়েল রানা জানান, গ্রেপ্তার কেন্তা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।




























