গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত
- আপডেট সময় : ১২:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে একটি বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের একজন এসআই এবং স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম মিজানুর রহমান, তিনি কালীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিহত বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। তারা মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এসময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। পুলিশ জানায়, মাদক সংশ্লিষ্ট ঘটনায় স্থানীয় লোকজন আটক হয়েছে এমন খবর পেয়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়েছিলেন।
পুলিশের দাবি, কাভার্ডভ্যানের সঙ্গে আটকে যাওয়ার পর এসআই মিজানুর রহমানকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় চালক। পরে তাকে সড়কের পাশে ফেলে চালক ঘোড়াশালের দিকে পালিয়ে যায়। স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এসআই মিজানুর রহমান মারা যান। পিএসআই জাবেদ ওমর বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাভার্ডভ্যান চালকের পরিচয় শনাক্ত করা যায়নি।



























