ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত, চালক সহপাঠী আটক
- আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) গেটের সামনের সড়কে গাড়িচাপায় মার্কেটিং ও ভাষাবিজ্ঞান বিভাগের ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মার্কেটিং বিভাগের ছয়জন এবং ভাষাবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন। গুরুতর আহত ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম তাহিয়ার পা ভেঙে গেছে এবং তার মুখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অন্য আহত শিক্ষার্থীদের হাত, পা ও হাঁটুতে আঘাত লেগেছে। তাদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযুক্ত চালকের নাম সাদমান সাকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাদমান গাড়ি চালানো শিখছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেন। দুর্ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান এবং বিচারের দাবিতে অবস্থান নেন।
সাদমান সাকিব দাবি করেছেন, তিনি শখের বসে বাবার অনুমতি না নিয়েই গাড়ি নিয়ে বের হয়েছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক চাপতে গিয়ে ভুলবশত অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন। তবে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সিনহা মল্লিক অভিযোগ করেছেন, দুর্ঘটনার আগে থেকেই গাড়িটি অস্বাভাবিক গতিতে চালানো হচ্ছিল এবং বারবার হর্ন দিয়ে পথচারীদের ভয় দেখাচ্ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থী হলেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না এবং ভুক্তভোগীরা মামলা করতে চাইলে প্রশাসন তাতে সম্মতি দেবে। অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তিনি তা মেনে নেবেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার জন্য লিখিত আবেদন জানিয়েছেন।



























